ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (১৯) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দরনগরী নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত শরিফুল মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিঠাপুর গ্রামের বাসিন্দা। তিনি নশু প্রামাণিকের একমাত্র ছেলে।
প্রবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে সাইকেল নিয়ে চলাচলের সময় দুর্ঘটনার কবলে পড়েন শরিফুল। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইতালির পুলিশ ও জরুরি সেবার কর্মীরা। তারা স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহের পর মরদেহ উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালের মর্গে পাঠায়।
তবে দুর্ঘটনার সময় শরিফুল কীভাবে দুর্ঘটনার শিকার হন কিংবা এর পেছনে সুনির্দিষ্ট কারণ কী ছিল, তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
জানা গেছে, কয়েক মাস আগে জীবিকার সন্ধানে ইতালিতে যান শরিফুল। নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় একটি সরকারি আশ্রয়কেন্দ্রে বসবাস করতেন তিনি।
তরুণ এই প্রবাসীর মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর মাদারীপুরের মিঠাপুর গ্রামে নেমে এসেছে শোকের আবহ। স্বজনদের পাশাপাশি ইতালিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও শোকের ছায়া নেমেছে।
শরিফুলের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক।
সদ্য সংবাদ/এসএস