ইতালির রাজধানী রোমে প্রবাসী মুসলিম পরিবারের সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে মুসলিম কমিউনিটি সেন্টার (এমসিসি) মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং এমসিসি মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আলেম-উলামা এবং কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মো. জসিম উদ্দিন ও মসজিদ কমিটির সদস্য শাকিল আহমেদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন বিমাসের চেয়ারম্যান ড. মুক্তার হোসেন মার্ক, রোমের মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল্লাহ আল ফারুক, তরপিনাত্তারা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রুহুল আমিন। এছাড়া সাংবাদিক জমির হোসেন ও মিনহাজ হোসেনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের ধর্মীয় জ্ঞান ও নৈতিক মূল্যবোধের সঙ্গে পরিচিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তাদের মতে, ভিন্ন সংস্কৃতি ও পরিবেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরতে পরিবার, সামাজিক প্রতিষ্ঠান এবং শিক্ষাকেন্দ্রগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অভিভাবকদের পক্ষ থেকেও অনুষ্ঠানে বক্তব্য দেওয়া হয়। বক্তব্য দেন জায়েদুল হক মুকুল, নাদিম মোহাম্মদ, মফিজুল রহমান মিলন, আসলাম মৃধা ও মোহাম্মদ শহীদসহ কয়েকজন।
বক্তারা এমসিসি মাদ্রাসার নিয়মিত শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রবাসী শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পরে মাদ্রাসার বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফল প্রকাশের পর ভালো ফল করা শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে রোমের বিভিন্ন সামাজিক ও ইসলামী সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরাও অংশ নেন।
আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে এমসিসি মাদ্রাসার কার্যক্রম ভবিষ্যতেও চালু থাকবে।
সদ্য সংবাদ/এসএস