বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান যেন থামতেই চাইছেন না। বয়স মাত্র ১৬ বছর ৩৩৬ দিন, এর মধ্যেই মেজর লিগ সকারে (এমএলএস) টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্টে অবদান রেখে গড়েছেন অনন্য রেকর্ড।
রোববার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের ৩-১ গোলের জয়ে দলের হয়ে একটি গোল করেন কাভান। তার এই গোলেই এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সে টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্টে অবদান রাখার কীর্তি গড়েন তিনি।
ম্যাচের ৫০তম মিনিটে রেড বুলসের রক্ষণ ভেঙে বক্সে ঢুকে পড়েন কাভান। প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কাটিয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান এই তরুণ ফরোয়ার্ড। এটি ছিল চলতি মৌসুমে তার তৃতীয় গোল এবং ক্যারিয়ারে এমএলএসে ৩৪তম ম্যাচে তৃতীয় গোল।
কাভানের গোলের আগে ম্যাচের ২১ মিনিটে ফিলাডেলফিয়াকে এগিয়ে দেন মিলান ইলোস্কি। চলতি মৌসুমে এটি ছিল তার ১১তম গোল। দলের প্রথম দুই গোলেই অ্যাসিস্টের অবদান রাখেন ইন্ডিয়ানা ভ্যাসিলিভ ও ড্যানলি জিন জ্যাকস।
এরপর ৬৫ মিনিটে ব্যবধান আরও বাড়ান ১৮ বছর বয়সী নীল পিয়েরে। ব্রুনো দামিয়ানি ও ইলোস্কির সহায়তায় করা এই গোলটি ছিল চলতি মৌসুমে সাত ম্যাচে তার চতুর্থ গোল।
রেড বুলসের হয়ে ৭৪ মিনিটে একটি গোল শোধ করেন এরিক ম্যাক্সিম চুপো-মোটিং। চলতি মৌসুমে এটি তার তৃতীয় গোল। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফিলাডেলফিয়া ইউনিয়ন।
মাত্র ১৪ বছর বয়সেই পেশাদার ফুটবলে অভিষেক করে আলোচনায় আসেন কাভান সুলিভান। ২০২৪ সালে আমেরিকার শীর্ষ পর্যায়ের লিগগুলোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছিল তার। প্রথম গোল ও অ্যাসিস্ট পেতে অবশ্য তাকে চলতি মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
এখন সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন কাভান। এমএলএসের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্টে অবদান রাখা মাত্র তৃতীয় ফুটবলারও হয়েছেন তিনি।
কাভানের দুর্দান্ত ফর্মে ফিলাডেলফিয়া ইউনিয়নের জয় যেমন এসেছে, তেমনি বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ ফুটবলারের নামও উঠে গেছে এমএলএসের রেকর্ডবুকে।
সদ্য সংবাদ/এসকে