দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। চোটের কারণে পরের ম্যাচে খেলতে পারছেন না পেসার হাসান মাহমুদ। তাঁকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
হাসানের আগে থেকেই টেনিস এলবো বা কনুইয়ের চোট ছিল। চোট কাটিয়ে মাঠে ফেরার পর টানা খেলার মধ্যে ছিলেন এই পেসার। গত আগস্টে অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট দিয়ে তাঁর ব্যস্ত সূচি শুরু হয়। এরপর চার মাসে দেশে ও দেশের বাইরে মিলিয়ে ছয়টি টেস্ট খেলেছেন তিনি। এর বাইরে কাউন্টি ক্রিকেটেও খেলেছেন দুটি ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও কনুইয়ে টেপ পেঁচিয়ে বোলিং করতে দেখা যায় হাসানকে। তখনই তাঁর চোটের অস্বস্তি ফিরে আসার বিষয়টি জানা যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মাথায়ও বলের আঘাত পান তিনি। ম্যাচ চলাকালে কয়েকবার কনুইয়ের অস্বস্তি নিয়ে মাঠের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হয় তাঁকে।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ৩০ দশমিক ৪ ওভার বোলিং করে ১১৮ রান দিয়ে চার উইকেট নেন হাসান। ওই ম্যাচে ৯ উইকেটে হারে বাংলাদেশ।
আগামী সোমবার সেঞ্চুরিয়নে শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্ট চলাকালেই সিদ্ধান্ত হয়েছিল, দ্বিতীয় ম্যাচে খেলবেন না হাসান। এবার তাঁকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
সদ্য সংবাদ/ এরআর