নিহত শিক্ষার্থীর নাম রাকিবা (২০)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলায়।
মেসের পাশের কক্ষে থাকা সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শৈলী জানান, রোববার সারাদিন রাকিবার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। রাত আনুমানিক ৯টার দিকে রাকিবার এক বান্ধবী তার রুমে গিয়ে দরজায় ধাক্কা দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে প্রায় ১৫ থেকে ২০ মিনিট চেষ্টা করে বিষয়টি বাড়িওয়ালাকে জানানো হয়। এরপর নিচতলা থেকে এক যুবক এসে হাতুড়ি দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় রাকিবাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
নিহত শিক্ষার্থীর ভাই নাঈম হোসেন জানান, রোববার রাতে পরিবারের সঙ্গে রাকিবার সর্বশেষ কথা হয়। তখন তিনি মেসে একাই ছিলেন এবং মাকে জানান যে তার শরীর ভালো নেই, পরে কথা বলবেন। এরপর পরিবারের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে আর কথা বলা সম্ভব হয়নি। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাকিবার মা বারবার ফোন করেও সাড়া না পেয়ে বিষয়টি তার বান্ধবীদের জানান। পরে তারা মেসে গিয়ে রুমের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে দরজা ভেঙে রাকিবাকে উদ্ধার করেন।
কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নাজমুল হক বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আপাতদৃষ্টিতে এটি আত্মহত্যা কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।'
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফেরদৌস হাসান বলেন, ঘ'টনাস্থলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত থাকা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালাচ্ছে। পরিবারের সদস্যদের জানানো হয়েছে এবং মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'