রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকায় নিজ বাসা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুক্রবার ওই এলাকার একটি আবাসিক বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। ইতি মেহেরচণ্ডীর ওই বাসায় তার মায়ের সঙ্গে বসবাস করতেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী এলাকার একটি আবাসিক বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ নির্ণয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, শিক্ষার্থীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মানসিক অবসাদ বা বিষণ্নতা থেকে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।