শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় মহাখালীর ওয়্যারলেসগেট মোড়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগার ও শিশু কিশোর মেলার যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ভাসানী পাঠাগার কমিটির সদস্য ও বাসদ বনানী থানার সাধারণ সম্পাদক ইনজামামুল হক। মানববন্ধনে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সরকারি তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক ইয়াসির আরাফাত, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বনানী থানার সাধারণ সম্পাদক নুসরাত আফরিন, ভাসানী পাঠাগারের সদস্য যুবায়ের হোসেন এবং শিশু কিশোর মেলার সদস্য জান্নাতুল আক্তার। উপস্থিত ছিলেন বাসদ বনানী থানার সমন্বয়ক ফজলুল হক শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাসানী পাঠাগার কমিটির সদস্য মোহাম্মদ আলী তুষার।

এসময় বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১১৮ জন শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে বলে উল্লেখ করে তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে।
তারা আরও বলেন, অর্থনৈতিক সংকটের কারণে অনেক পরিবার সন্তানদের মাদ্রাসায় পাঠাতে বাধ্য হলেও সেখানেও যৌন নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটছে। বনশ্রী-রামপুরার একটি মাদ্রাসায় শিশু আব্দুল্লাহ হত্যাকাণ্ডকে তারা এর নির্মম উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
সমাবেশ থেকে রামিসা, আব্দুল্লাহ এবং চট্টগ্রামের চার বছরের শিশুসহ সকল ধর্ষণ ও শিশু হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
এছাড়া বক্তারা হামের টিকাদান কার্যক্রম জোরদার, বিনামূল্যে হাম-রুবেলার চিকিৎসা নিশ্চিতের দাবি জানান।