ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় পুতুল রায় (১৬) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তার পরিবারের সদস্যরা। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার কিসামত সুখানপুকুরী (পাটবাড়ী) গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুতুল ওই গ্রামের দীপেনের ছেলে। সে জাঠিভাঙ্গা শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে।
পরিবারের সদস্যদের দাবি, বিদ্যালয়ের চলমান নির্বাচনী পরীক্ষায় আশানুরূপ ফল করতে না পারায় বেশ কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিল পুতুল। পরীক্ষা ভালো না হওয়া নিয়ে বন্ধু ও স্বজনদের কাছেও উদ্বেগ প্রকাশ করত সে। এ হতাশা থেকেই এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা পরিবারের।
স্বজনদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায় পুতুল। বুধবার সকালে তার বাবা পড়াশোনার জন্য ডাকতে গিয়ে কক্ষের ভেতরে তার অস্বাভাবিক অবস্থা দেখতে পান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়। স্কুলপড়ুয়া ছেলের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
এদিকে খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তবে এ ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগ বা সন্দেহের কথা প্রাথমিকভাবে জানায়নি পরিবার।
সদ্য সংবাদ/এসএস