বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে তাঁর চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে স্কচটেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত সরে গেছেন এক মোটরসাইকেল আরোহী। ঘটনার সময় তারেক রহমান গাড়িতেই ছিলেন। তবে এখনো ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ।
গত বুধবার রাতে কার্যালয় থেকে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। রাত পৌনে ১২টার দিকে গুলশান ৬৫ নম্বর সড়কে পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ গাড়িবহরের কাছে আসে। এ ঘটনায় তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী ও পুলিশের মধ্যে তৎপরতা বাড়ে।
ঘটনার পর গুলশান থানা-পুলিশ নিজ উদ্যোগে থানায় একটি সাধারণ ডায়েরি করে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে বিএনপি চেয়ারম্যানের বুলেটপ্রুফ গাড়িতে স্কচটেপ দিয়ে একটি খাম লাগিয়ে টান দিয়ে চলে যায়। কেন বা কী উদ্দেশ্যে এমনটি করা হয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন।
তিনি আরও জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং মোটরসাইকেলটি শনাক্তের চেষ্টা চলছে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সাদা রঙের হিরো হাংক মডেলের মোটরসাইকেলটিতে একজন আরোহী ছিলেন। তিনি ৬৫ নম্বর সড়কে এসে তারেক রহমানের গাড়ির গতি অনুযায়ী ধীর হয়ে খামটি লাগিয়ে দিয়ে আমেরিকান ক্লাবের দিকে চলে যান। এ সময় গাড়িবহরের নিরাপত্তায় নিয়োজিত চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি।
এ বিষয়ে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার রওনক আলম বলেন, পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে। খামের ভেতরে কী আছে বা তাতে কী লেখা রয়েছে, তা পুলিশ জানে না। খামটি বর্তমানে সিএসএফের হেফাজতে রয়েছে।