ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা রাতভর যমুনার সামনেই অবস্থান করেন। তাদের দাবি, আজ শুক্রবারের মধ্যেই সরকারকে জাতিসংঘে চিঠি পাঠাতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।
দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের সাংবাদিকদের বলেন, 'জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্ত করতে হবে। এর বাইরে আমাদের কোনো দাবি নেই।” তিনি আরও বলেন, চিঠি না পাঠানো পর্যন্ত যমুনার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।'
এদিকে, বৃহস্পতিবার রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেও একদল মানুষ হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান নিয়ে স্লোগান দেন। তারা দুই ভাগে বিভক্ত হয়ে রাতভর সেখানে অবস্থান করেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলমান থাকায় পূর্বঘোষিত ‘ভ্যান র্যালি’ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা–৮ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বৃহস্পতিবার বিকেল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে।