বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ এবং উড়োজাহাজের ভেতরে পোকামাকড়ের কামড়ে ইতালির রোমে এক পরিচ্ছন্নতাকর্মী অসুস্থ হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে বাংলাদেশ ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি)। রোমের ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষের হুঁশিয়ারির পর খাবার সরবরাহ ও উড়োজাহাজ পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে ৭ দফা জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ২২ জুলাই। ওই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৫ ফ্লাইট রোমের ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছানোর পর উড়োজাহাজ পরিষ্কারের কাজে নিয়োজিত এক কর্মী পোকামাকড়ের কামড়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জরুরি চিকিৎসা নিতে হাসপাতালে যেতে হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।
এ ঘটনায় ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ বিমানের সংশ্লিষ্টদের কাছে ই-মেইল পাঠিয়ে দ্রুত উড়োজাহাজটি জীবাণুমুক্ত করার নির্দেশ দেয়। পাশাপাশি জীবাণুনাশক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর নতুন ডিসইনফেকশন সনদ জমা দিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সনদ না দিলে রোম বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট অবতরণে নিষেধাজ্ঞার বিষয়েও সতর্ক করা হয়।
এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সরবরাহ করা খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগও সামনে আসে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত ১০ সেপ্টেম্বর বিএফসিসি খাবার প্রস্তুত, প্যাকিং, সংরক্ষণ ও উড়োজাহাজে সরবরাহের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয়।
নির্দেশনার প্রথমেই খাবারের বক্স পরিবহন ও উড়োজাহাজে লোডিংয়ের সময় পোকামাকড়ের সংস্পর্শ এড়াতে ফয়েল কভার দিয়ে সঠিকভাবে মোড়ানো ও সিল করার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
উড়োজাহাজের ভেতরের সমন্বিত পেস্ট কন্ট্রোল কার্যক্রমে ইঞ্জিনিয়ারিং বিভাগের নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি খাবার পরিবহনের ট্রলি এসওপি অনুযায়ী শতভাগ পরিষ্কার ও ধোয়া নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
খাবার সাজানো ও প্যাকিংয়ের প্রতিটি ধাপে তদারকি বাড়াতে শিফট ইনচার্জদের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে খাবার প্রস্তুত হওয়ার পর থেকে প্যাকেটজাত করা পর্যন্ত সংশ্লিষ্ট কর্মীদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে।
ক্যাটারিং সেন্টারের প্রধান গুদাম এবং উড়োজাহাজে খাবার ওঠানোর আগের এলাকাগুলোতে নিয়মিত ও বিশেষ পেস্ট কন্ট্রোল কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনাও রয়েছে। একই সঙ্গে খাবার বাটিতে ভাগ করার পর তা খোলা অবস্থায় না রেখে দ্রুত সিল করার কথা বলা হয়েছে।
এ ছাড়া খাবার প্যাকিং ও লোডিংয়ের সঙ্গে যুক্ত কর্মীদের সচেতনতা বাড়াতে দ্রুত পুনঃপ্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএফসিসির জেনারেল ম্যানেজার মো. আরিফুল হাসান বলেন, তদন্ত কমিটির সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে। খাবারে পোকামাকড়ের উপস্থিতি ঠেকাতে তদারকি আরও জোরদার করা হয়েছে।
তবে খাবারে তেলাপোকা পাওয়ার ঘটনাটি পরিকল্পিত বা ষড়যন্ত্রের অংশ হতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। যদিও এ বিষয়ে কোনো চূড়ান্ত প্রমাণ বা তদন্তের ফলাফল প্রকাশ করা হয়নি।
ঘটনার পর আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইটে খাবার সরবরাহ ও উড়োজাহাজের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় আরও কঠোর নজরদারি শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সদ্য সংবাদ/এসকে