মালয়েশিয়াগামী একটি ফ্লাইটে বোর্ডিং পাস নেওয়ার পরও ৭৬ জন যাত্রী বিমানে ওঠেননি। এর মধ্যে পাঁচজনের ভিসা জাল বা অসঙ্গতিপূর্ণ হিসেবে শনাক্ত হওয়ার পর বাকি ৭১ জন বিমানবন্দর এলাকা থেকে চলে যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
শনিবার (৪ জুলাই) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মালয়েশিয়া রুটের বিজি-৩৮৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে। রাত ৮টা ৩৫ মিনিটে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে উড্ডয়ন করে।
বিমানবন্দর সূত্র জানায়, ওই ফ্লাইটে মোট ২৪৫ জন যাত্রীর ভ্রমণের কথা থাকলেও শেষ পর্যন্ত ৭৬ জন বিমানে ওঠেননি। তাদের মধ্যে পাঁচজন যাত্রীর ভিসা ও পাসপোর্ট তথ্যের অসঙ্গতি বোর্ডিং গেটে ধরা পড়ে, ফলে তাদের অফলোড করা হয়।
সূত্রের দাবি, ওই পাঁচজনকে আটকে দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর একই ফ্লাইটের আরও ৭১ জন যাত্রী বিমানবন্দর ত্যাগ করেন। ফলে তারাও আর বিমানে ওঠেননি।
এ ঘটনায় প্রশ্ন উঠেছে, ভিসা যাচাইয়ের একাধিক ধাপ পার হওয়ার পরও কীভাবে সন্দেহভাজন যাত্রীরা চেক-ইন ও ইমিগ্রেশন পেরিয়ে বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলেন।
বিমানবন্দর সূত্র আরও জানায়, বিমানে না ওঠা ৭৬ জন যাত্রীই ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাদের মালয়েশিয়ায় থেকে যাওয়ার পরিকল্পনা ছিল।
অন্যদিকে, ইমিগ্রেশন ও চেক-ইন প্রক্রিয়ায় কিছু যাত্রীকে আগেই অফলোড করা হয়েছিল বলেও জানা গেছে। তাদের মধ্যে কয়েকজন মালয়েশিয়া হয়ে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।