মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। দিনব্যাপী এ আয়োজন সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল।
অনুষ্ঠানে বক্তব্যে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, 'ঐতিহাসিক আহসান মঞ্জিলে নববর্ষ উদযাপনের মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মকে ঢাকার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা। আমাদের ইতিহাসের শিকড়ের সঙ্গে বর্তমান প্রজন্মের সংযোগ ঘটলেই বাঙালি সংস্কৃতি পূর্ণতা পাবে এবং আরও বিকশিত হবে।'
ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, 'সিটি কর্পোরেশনের কাজ মূলত ২৪ ঘণ্টার জনসেবা নির্ভর। জনসেবার ক্রমবর্ধমান চাহিদার কারণে অনেক সময় সাপ্তাহিক ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হচ্ছে।'
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের নির্দেশনা ও অগ্রগতির ধারাবাহিকতায় নগরবাসীকে দ্রুত ও কার্যকর সেবা দিতে ডিএসসিসি প্রতিশ্রুতিবদ্ধ।
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রশাসক আগামী দিনের অগ্রাধিকার হিসেবে মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসনে বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, 'এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক ঢাকা গড়ে তোলা হবে।'
আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এ আয়োজনে ডিএসসিসি পরিচালিত ১২টি সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। লোকজ সংস্কৃতি ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধনে পুরো আহসান মঞ্জিল প্রাঙ্গণ রূপ নেয় এক উৎসবমুখর মিলনমেলায়।