আগামী মৌসুমে আইএসএলের ম্যাচ সম্প্রচারের স্বত্ব পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যানকোড। এর জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) পাবে মাত্র ৮ কোটি ৬২ লাখ রুপি, যেখানে ম্যাচপ্রতি ফেডারেশনের আয় দাঁড়াচ্ছে মাত্র ৯.৫ লাখ রুপি।
অথচ আগের ১০ মৌসুমে আইএসএলের সম্প্রচার স্বত্ব থেকে প্রতি বছর গড়ে ২৭৫ কোটি রুপি আয় করত এআইএফএফ। সেই হিসাবে এবার ক্ষতির পরিমাণ ২৬৬ কোটি ৩৮ লাখ রুপি, যা মোট আয়ের প্রায় ৯৭ শতাংশ।
এর আগে আইএসএলের একটি মৌসুমে মোট ১৬৩টি ম্যাচ অনুষ্ঠিত হতো। তখন ম্যাচপ্রতি ফেডারেশন পেত প্রায় ১ কোটি ৬৮ লাখ রুপি। নতুন চুক্তিতে ম্যাচপ্রতি আয় কমে গেছে প্রায় ৯৫ শতাংশ।
আইএসএলের এই আর্থিক চিত্র ভারতের ক্রিকেটের সঙ্গে তুলনা করলে ব্যবধান আরও স্পষ্ট হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যে পরিমাণ সম্প্রচার আয় করে, তার তুলনায় আইএসএল থেকে এআইএফএফের আয় ৫ হাজার ৬১৩ গুণ কম। এমনকি ম্যাচের বাজারমূল্য হিসাবেও আইপিএলের একটি ম্যাচ আইএসএলের একটি ম্যাচের চেয়ে ১ হাজার ২৪২ গুণ।
ফলে, মাঠে ফেরার অপেক্ষায় থাকা আইএসএলের সামনে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আর্থিক সংকট। ভারতের ঘরোয়া ফুটবলের ভবিষ্যৎ নিয়েও তাই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।