সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের এক নেতার মরদেহ ভেসে যাওয়ার দাবি করে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেটি বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন বলে জানিয়েছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।
শনিবার (২৭ জুন) প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভাইরাল ভিডিওটি কোনো ছাত্রলীগ নেতার নয়। এটি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুরমা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনার ভিডিও।
ফ্যাক্ট-চেক প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার শুকের বাজার এলাকার কাছে সুরমা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় সংবাদমাধ্যমেও বিষয়টি প্রকাশিত হয়।
পুলিশের ধারণা, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
দ্য ডিসেন্ট জানায়, ভাইরাল ভিডিওটির সঙ্গে ছাত্রলীগের কোনো নেতার মৃত্যুর ঘটনার সম্পর্ক নেই। ভিন্ন ঘটনার ভিডিও ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর দাবি ছড়িয়ে দেওয়া হয়েছে।
এ ধরনের ভিডিও বা তথ্য শেয়ার করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানটি।