ভারতের রাজধানী দিল্লির কড়া নিরাপত্তা বেষ্টিত কূটনৈতিক এলাকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে দেশটির উগ্রবাদী সংগঠন অখন্ড হিন্দু রাষ্ট্রসেনা। গতকাল শনিবার, ২০ ডিসেম্বর রাতে এই ঘটনা ঘটে।
দিল্লির কূটনৈতিক এলাকা চাণক্যপুরীর রাধাকৃষ্ণ মার্গে অবস্থিত বাংলাদেশ মিশনের সামনে সংগঠনটির প্রায় ২০ জন কর্মী বিক্ষোভে অংশ নেয়। বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফয়সল মাহমুদ দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফয়সল মাহমুদের ভাষ্য অনুযায়ী, গতরাতে কয়েকটি গাড়িতে করে বিক্ষোভকারীরা মিশন চত্বরে অবস্থিত ‘বাংলাদেশ হাউসের’ গেটে এসে জড়ো হয় এবং শ্লোগান দিতে থাকে। তারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের ওপর কথিত ‘নির্যাতন’ বন্ধের দাবি জানায়।
‘বাংলাদেশ হাউসেই’ ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সপরিবারে বসবাস করেন। বিক্ষোভ চলাকালে সংগঠনটির কর্মীরা দাবি আদায় না হলে হাইকমিশনের কর্মীদের ‘পরিণতি’ ভোগ করতে হবে বলে হুমকিও দেয়।
ফয়সল মাহমুদ আরও জানান, চলমান পরিস্থিতির কারণে আগেই হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের প্রায় ৪০ জন সদস্য মিশনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিক্ষোভকারীরা শ্লোগান দিতে দিতে সেখান থেকে সরে যায়।