হরমুজ প্রণালীসংলগ্ন ওমানের জলসীমায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওমানের জলসীমা দিয়ে যাওয়ার সময় 'মোম্বাসা' ও 'আল বাহিয়াহ' নামের দুটি ট্যাংকার হামলার শিকার হয়। নিহত ভারতীয় নাগরিক 'মোম্বাসা' জাহাজের ক্রু সদস্য ছিলেন।
আহতদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দুইজন ইউক্রেনের নাগরিক রয়েছেন। হামলার পর দুটি ট্যাংকারেই আগুন ধরে গেলেও ক্রুদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বড় ধরনের পরিবেশগত ও অর্থনৈতিক ক্ষতি এড়ানো গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংযুক্ত আরব আমিরাত এটিকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জাতীয় সার্বভৌমত্ব ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং যেকোনো হুমকির জবাব দিতে ইউএই প্রস্তুত।
এদিকে, যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) জানিয়েছে, ওমানের কালহাত উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি অজ্ঞাত ট্যাংকারও দূরপাল্লার কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজটির ইঞ্জিন রুমে ক্ষতি হলেও সব ক্রু নিরাপদ রয়েছেন। তবে এ ঘটনাটি আমিরাতের ট্যাংকারে হামলার সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা বাড়ার পরই এই হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ চলাচলের ওপর নতুন করে অবরোধ আরোপের ঘোষণা দেয় এবং টানা কয়েক রাত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের ভূমিকা তারা মেনে নেবে না।