বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের পুরনো বন্ধু।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক শোকবার্তায় চীনের প্রধানমন্ত্রী এসব কথা উল্লেখ করেন।
শোকবার্তায় লি চিয়াং বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তিনি গভীরভাবে মর্মাহত। চীন সরকারের পক্ষ থেকে তিনি বাংলাদেশ সরকার এবং খালেদা জিয়ার পরিবারকে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানান।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের দীর্ঘদিনের বন্ধু। তার প্রধানমন্ত্রিত্বকালে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার সমন্বিত অংশীদারত্ব প্রতিষ্ঠিত হয়। দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক মঙ্গলের ভিত্তিতে গড়ে ওঠা এই অংশীদারত্ব দ্বিপক্ষীয় সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতির পথ প্রশস্ত করে। চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে চীন।
দুই দেশের সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে লি চিয়াং বলেন, চীন চীন-বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিকে মূল্যায়ন করে।
তিনি বলেন, চীন ও বাংলাদেশের সম্পর্ককে অব্যাহতভাবে এগিয়ে নিতে এবং উভয় দেশের জনগণের কল্যাণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত।