খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি যুবদলের কমিটিতে, ক্ষোভে ৬ নেতার পদত্যাগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এক আসামিকে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক করাকে কেন্দ্র করে ফেনীতে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার জেরে নবগঠিত কমিটির ৮ সদস্যের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া বাকি ৬ জন একযোগে পদত্যাগ করেছেন।

শনিবার (২ মে) ঘোষিত ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য সদস্যরা পদত্যাগপত্র জমা দেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, গত ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীর স্বাক্ষরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে গাজী এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি ঘোষণার পরপরই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ২০১৭ সালে ফেনীর মহিপাল এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার ২৮ আসামির তালিকায় সুজনের নাম রয়েছে। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর যমুনা হাই ডিলাক্স পরিবহনের চেয়ারম্যান আবুল কাশেম মিলনের দায়ের করা মামলায় তিনি ২৫ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন।

পদত্যাগকারী নেতাদের দাবি, নেত্রীর ওপর হামলার মামলার আসামির অধীনে রাজনীতি করা তাদের পক্ষে সম্ভব নয়। এ কারণেই তারা সম্মিলিতভাবে পদত্যাগ করেছেন।

অভিযোগ অস্বীকার করে এনামুল হক সুজন বলেন, 'তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে।'

ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু বলেন, 'সুজন একজন পরীক্ষিত কর্মী। তাকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো হয়েছে। বিষয়টি জেলা বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারা অবগত আছেন।'

এদিকে, ফেনী পৌর যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী বলেন, 'তার মামলার বিষয়টি আমাদের জানা ছিল না। এ নিয়ে কমিটির অন্য সদস্যরা পদত্যাগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'

উল্লেখ্য, তৎকালীন পুলিশ সুপারসহ ১৭৮ জনকে আসামি করে দায়ের করা মামলাটি ২০২৫ সালের ৫ ডিসেম্বর ফেনী সদর আমলি আদালত আমলে নেয়। বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার