শেরপুরের ঝিনাইগাতীতে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মহিব মিয়া ওরফে মাসুমকে (৩২) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টা ৩৫ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তুরাগ থানাধীন বাউনিয়া এলাকায় প্রিয়াঙ্কা রানওয়ে সিটির সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৪-এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও এসআরবি-১-এর উত্তরার সিপিসি-১-এর যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসআরবি-১৪ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর দুপুর ১২টার দিকে ঝিনাইগাতী থানা এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় শিশুটির বাড়িতে কেউ না থাকার সুযোগে মহিব মিয়া চকোলেট ও বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে ঘরে নিয়ে যান। পরে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ও সাক্ষীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যান।
এ ঘটনায় গত ১ নভেম্বর ঝিনাইগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করা হয়। মামলা হওয়ার পর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন।
এসআরবি-১৪ জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সদ্য সংবাদ/ এরআর