জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (আইসিএলসি) পরিচালক নিয়োগ নিয়ে বিরোধের জেরে নতুন প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে ভবনের ভেতরে উপাচার্য অধ্যাপক মো. নূরুল ইসলামসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা আটকা পড়েন। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সেখানে গিয়ে তালা ভেঙে তাঁদের বাইরে নিয়ে আসেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বিকেল সাড়ে চারটার দিকে ইনস্টিটিউটের ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
সোমবার জারি করা এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুরকে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের পর থেকেই ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুল হক হামীম এ নিয়োগকে বিধিমালার পরিপন্থী বলে আপত্তি জানান। অন্যদিকে, তাঁকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেল চারটার দিকে ইনস্টিটিউটের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ফটকে তালা দেন। ওই সময় নতুন প্রশাসনিক ভবনের ভেতরে সিন্ডিকেট সভা চলছিল। সভা শেষে উপাচার্য বাইরে আসতে গিয়ে দেখেন, ভবনের প্রধান ফটকে তালা দেওয়া।
পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হন। সেখানে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীরা তালা ভেঙে উপাচার্যসহ ভেতরে আটকে পড়া অন্যদের বাইরে নিয়ে আসেন।
সদ্য সংবাদ/ এরআর