খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তিনি বলেন, খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, একটি সম্মানজনক পেশা হিসেবেও প্রতিষ্ঠা করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব।
শনিবার (৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আমিনুল হক বলেন, ‘আমরা খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গড়তে চাই। আমাদের নীতি-নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ খেলাধুলার মাধ্যমে ফিরিয়ে আনতে চাই।’ এ লক্ষ্য বাস্তবায়নে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরির পরিকল্পনার কথা তুলে ধরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণ এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে। দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির লক্ষ্যেও কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে ঝিনাইদহের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথাও জানান আমিনুল হক। তিনি বলেন, চলতি অর্থবছরে দেশের ১০টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি স্পোর্টস ভিলেজ ঝিনাইদহে নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জেলার বর্তমান স্টেডিয়ামটিকে পূর্ণাঙ্গ গ্যালারিসহ আধুনিক স্টেডিয়ামে রূপ দেওয়া হবে।
ঝিনাইদহে সুইমিংপুল নির্মাণের দাবির বিষয়ে তিনি বলেন, বর্তমানে দেশের ২২টি জেলায় ২২টি সুইমিংপুল রয়েছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় একটি করে সুইমিংপুল নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার আওতায় ঝিনাইদহেও সুইমিংপুল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের ৬৪টি জেলায় আন্তর্জাতিক মানের সুবিধাসম্পন্ন ইনডোর স্টেডিয়ামসহ স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর প্রথম ধাপে চলতি অর্থবছরে ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান এবং ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুজ্জামান মনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদ।
সদ্য সংবাদ/এসএস