জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে শাখা ছাত্রদল।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্কিংয়ে রাখা দুটি বাসের মাঝখানে এ বিস্ফোরণ ঘটে। আটক শিক্ষার্থীর নাম রেজওয়ান আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিকভাবে তিনি জবি ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁরা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখেন। দ্বিতীয় গেটের পাশে পার্কিংয়ে রাখা দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি বলে জানান তাঁরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, সন্ধ্যায় বৃষ্টির সময় দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। ঘটনার সময় তাঁরা ক্যাম্পাসে ছিলেন না। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করা হবে।
শাখা ছাত্রদলের আটক করা সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, তাঁরা বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন।
সদ্য সংবাদ/ এআর