আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্য তুলে ধরতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফুটবল দল। আসন্ন টুর্নামেন্টে অংশ নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যাওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের খেলোয়াড় ও ক্রীড়া কমিটির প্রতিনিধিরা।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় কুবির ক্রীড়া কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মনিরুল আলম এবং দলের খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
সাক্ষাতে খেলোয়াড়দের প্রস্তুতি ও টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে খোঁজ নেন উপাচার্য। প্রতিযোগিতায় ভালো খেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম ধরে রাখার জন্য তিনি খেলোয়াড়দের উৎসাহ ও শুভকামনা জানান।
ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মো. মহিউদ্দিন জানান, টুর্নামেন্টকে সামনে রেখে দলটি দীর্ঘদিন ধরে নিয়মিত অনুশীলন করেছে। খেলোয়াড়দের ফিটনেস ও পারস্পরিক সমন্বয় সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে দলের খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান বয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, আগামী ১৬ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।
সদ্য সংবাদ/এজে