বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন অনুষদের জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (DOI) নম্বর সংযোজনের লক্ষ্যে Tech Indev-এর সঙ্গে একটি সার্ভিস অ্যাগ্রিমেন্ট (Service Agreement) স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মানুন অর রশিদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির এবং Tech Indev-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. নাঈম।
উল্লেখ্য, ববির জার্নালগুলোতে প্রকাশিত গবেষণা প্রবন্ধে DOI নম্বর অন্তর্ভুক্তির বিষয়ে গঠিত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ চুক্তি সম্পাদিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক ও আইন অনুষদের ডিন ড. সরদার কায়সার আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. হারুন অর রশিদ, কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী, প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. সাদেকুর রহমান এবং কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং অ্যান্ড আইটি অফিসের পরিচালক ড. মো. মঞ্জুর আহমেদ।
এ চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধে DOI নম্বর সংযোজনের সুযোগ তৈরি হবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকাশনাগুলোর আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি, সহজে অনুসন্ধান ও শনাক্তকরণ এবং গবেষণার উদ্ধৃতি প্রদানের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক গবেষণা পরিমণ্ডলে প্রকাশনাগুলোর দৃশ্যমানতা বাড়াতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সদ্য সংবাদ/ এআর