রাজধানীর বাংলামোটর এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ঠিকাদার ও চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা ওমর ফারুক রুমীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০২৪ সালের ২০ জুলাই উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় তিনি ১২২ নম্বর আসামি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
হত্যা মামলার পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পে দরপত্র নিয়ন্ত্রণ, ব্যয় প্রাক্কলনের তথ্য আগেই সংগ্রহ করে কাজ পাওয়া এবং প্রকল্পের অর্থ উত্তোলন নিয়ে রুমীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রকল্পের বিভিন্ন নথি পর্যালোচনায় দেখা গেছে, সাতটি দরপত্রের মধ্যে ছয়টিতে ঠিকাদারি কাজ পেয়েছিলেন তিনি। প্রকল্পের প্রায় ৯০ শতাংশ দরপত্র তার নিয়ন্ত্রণে ছিল বলেও অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, দরপত্র আহ্বানের আগেই প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ের তথ্য সংগ্রহ করে প্রতিযোগিতায় সুবিধা নিতেন রুমী। ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফের মাধ্যমে প্রকল্পের ঠিকাদারি কার্যক্রমে যুক্ত হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক নেতার প্রভাব কাজে লাগিয়ে দরপত্র নিয়ন্ত্রণে নেন তিনি। পরবর্তী সময়ে ছাত্রলীগের সাবেক নেতাদের পাশাপাশি রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক ও বর্তমান ছাত্রনেতাকে ঘিরে নতুন বলয় গড়ে তোলার অভিযোগ উঠেছে রুমীর বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান উপাচার্য, ট্রেজারার, প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালকের সঙ্গে সংশ্লিষ্ট একটি দরপত্র সিন্ডিকেট সক্রিয় রাখার অভিযোগও রয়েছে।
প্রকল্পের বিল উত্তোলন নিয়েও রয়েছে নানা প্রশ্ন। দ্বিতীয় ক্যাম্পাসের মাটি ভরাটের কাজে প্রায় ৬৪ কোটি টাকার বিল উত্তোলনের পরিকল্পনার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে গত ২৬ এপ্রিল চারটি প্যাকেজের বিপরীতে মোট ৮ কোটি ৭৯ লাখ টাকার বিল অনুমোদনের জন্য প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে। এ ছাড়া প্রকৌশল ভবন নির্মাণ, পুকুরের ঘাট তৈরি ও মাটি ভরাটের অন্যান্য কাজের বিপরীতেও বিল উত্তোলনের প্রস্তুতির অভিযোগ রয়েছে।
এর আগে ২০২৪ সালের মে মাসে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের নির্মাণকাজে অনিয়মের অভিযোগে আলোচনায় আসেন রুমী। পাঁচতলা প্রকৌশল ভবনের পাইলের অবশিষ্ট অংশ পুকুরের ঘাট নির্মাণে ব্যবহার, রড ও সিমেন্টের কাজে একই উপকরণ দেখিয়ে একাধিকবার বিল গ্রহণ এবং নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন ওঠে। ৩ কোটি ২৮ লাখ ৩৪ হাজার ৫১৪ টাকা ব্যয়ে পুকুরের ঘাট নির্মাণের কাজ পাওয়া আরএন এন্টারপ্রাইজের ঠিকাদার হিসেবেও তার নাম পাওয়া যায়।
তবে সে সময় এসব অভিযোগ অস্বীকার করেছিলেন রুমী। পাইলিংয়ের কাজে অনিয়মের সুযোগ নেই বলে দাবি করেছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ট্রেজারার বিষয়টি তদন্তের কথা জানিয়েছিলেন। সাবেক উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের সময়ও প্রকল্পের অনিয়ম তদন্তে কমিটি গঠন করা হয়। তবে তদন্তের দৃশ্যমান অগ্রগতি নিয়ে পরবর্তী সময়ে প্রশ্ন ওঠে।
এদিকে সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক আন্দোলনে অর্থায়ন ও ইন্ধন দেওয়ার অভিযোগও রয়েছে রুমীর বিরুদ্ধে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত একটি উপকমিটির সদস্য হিসেবেও তার নাম থাকার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি ২০২৬ সালের ১৫ জানুয়ারি প্রকাশিত শেখ হাসিনা সংগ্রাম পরিষদের চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির উপদেষ্টামণ্ডলীর তালিকায়ও তার নাম রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।
উত্তরা পশ্চিম থানায় দায়ের করা হত্যা মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সকাল ৬টা ৫৯ মিনিটের দিকে থানার ৭ নম্বর সেক্টরে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় মামলাটি করা হয়। দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এজাহারে ১২২ নম্বর আসামি হিসেবে ওমর ফারুক রুমীর নাম রয়েছে। সেখানে তার বয়স ৩৭ বছর এবং বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কসবা গ্রামে বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, আগে থেকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করে আসা ঠিকাদাররা পূর্বের কাজের ধারাবাহিকতায় বিল জমা দিয়েছেন এবং প্রাপ্য অর্থ পেয়েছেন। এর বাইরে অন্য কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
সদ্য সংবাদ/এজে