সমুদ্রের প্রতিকূল পরিস্থিতিতে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের ৩৮ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা। নির্ধারিত সময়ে বাড়ি ফিরতে না পারায় তাঁদের ভ্রমণসূচি পিছিয়ে গেছে। একই সঙ্গে অতিরিক্ত থাকা-খাওয়ার খরচ মেটাতে গিয়ে তৈরি হয়েছে আর্থিক সংকট।
আটকে পড়া ব্যক্তিদের মধ্যে ৩০ জন শিক্ষার্থী, পাঁচজন শিক্ষক ও তিনজন কর্মকর্তা রয়েছেন। তাঁদের জন্য নির্ধারিত কোর্স ট্যুরের বাজেট প্রায় শেষ হয়ে আসায় বাড়তি ব্যয় নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কোর্স ট্যুর শুরু হয় গত ১৫ নভেম্বর। গোপালগঞ্জ থেকে যাত্রা করে পরদিন তাঁরা বান্দরবানে পৌঁছান। সেখানে অবস্থান শেষে ১৭ নভেম্বর কক্সবাজারের উদ্দেশে রওনা হন। ওই দিন রাতেই সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে পরদিন দ্বীপটিতে পৌঁছান দলটি।
পরিকল্পনা অনুযায়ী, ২০ নভেম্বর সেন্টমার্টিন থেকে ফিরে ২১ নভেম্বর গোপালগঞ্জে পৌঁছানোর কথা ছিল তাঁদের। কিন্তু বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে ফিরতে পারেননি। ফলে অনিশ্চয়তার মধ্যে দ্বীপেই অবস্থান করতে হচ্ছে পুরো দলকে।
ট্যুরে থাকা পাঁচ শিক্ষকের মধ্যে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুর রহমান সাগর, সহযোগী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা ও সহকারী অধ্যাপক তন্বী সাহা রয়েছেন। তাঁদের সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রিত আরও দুজন শিক্ষকও অংশ নিয়েছেন।
নির্ধারিত সময়ের বাইরে অবস্থান করতে হওয়ায় আবাসন, খাবারসহ দৈনন্দিন প্রয়োজন মেটাতে বাড়তি অর্থ ব্যয় হচ্ছে। অথচ কোর্স ট্যুরের জন্য আগে থেকে যে বাজেট নির্ধারণ করা হয়েছিল, তা দীর্ঘ সময় অবস্থানের জন্য যথেষ্ট নয়। বিশেষ করে শিক্ষার্থীরা অতিরিক্ত কয়েক দিনের খরচের প্রস্তুতি না নিয়ে ভ্রমণে আসায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন তাঁরা।
এ বিষয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা বলেন, তাঁদের ২১ নভেম্বর গোপালগঞ্জে ফেরার কথা ছিল। কিন্তু এখনো সেন্টমার্টিনে অবস্থান করতে হচ্ছে। এতে স্বাভাবিকভাবেই বাজেটের ওপর চাপ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা বাড়তি দিন থাকার প্রস্তুতি নিয়ে আসেননি। তারপরও সঙ্গে থাকা শিক্ষকেরা অতিরিক্ত ব্যয়ের সংকট সামাল দেওয়ার চেষ্টা করছেন। কবে নাগাদ সমুদ্রপথে জাহাজ চলাচল স্বাভাবিক হবে এবং তাঁরা গোপালগঞ্জে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়।
সদ্য সংবাদ/এজে