বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৩ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। তাঁদের মধ্যে ১২ জনকে সাংগঠনিক নিষ্ক্রিয়তা এবং একজনকে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে বহিষ্কৃত ১২ নেতার মধ্যে রয়েছেন—সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা; যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন; সহসাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ; সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম; সহআইন সম্পাদক মো. রাকিব; সহতথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ।
অন্যদিকে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কৃত হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিব।
কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট নেতাদের সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।
সদ্য সংবাদ/এজে