রাজধানীর খিলগাঁও থানা প্রাঙ্গণে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে থানার ভেতরে নারী ও শিশু হেল্পডেস্কের সামনের একটি আমগাছের নিচে ককটেল দুটি বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
খিলগাঁও থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৯টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা থানার বাইরের গেট থেকে ভেতরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ককটেল দুটি নারী ও শিশু হেল্পডেস্ক কক্ষের সামনের আমগাছের নিচে পড়ে বিস্ফোরিত হয়।
এসআই ফখরুল ইসলাম আরও জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
সদ্য সংবাদ/ এআর