১৮ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ছয় বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ। শুরু থেকেই নানা জটিলতায় পিছিয়েছে কাজের অগ্রগতি। দীর্ঘদিন ধীরগতিতে চলার পর গত ছয় মাস ধরে পুরোপুরি বন্ধ রয়েছে নির্মাণকাজ। এতে মসজিদটি চালুর অপেক্ষায় থাকা স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
জানা যায়, তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে ২০১৯ সালের ৩ এপ্রিল থেকে ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার শর্তে মসজিদটির কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস বিল্ডার্স। প্রকল্পটির ব্যয় ধরা হয় ১১ কোটি ৭৯ লাখ টাকা। তবে জায়গা নির্ধারণ, পুরোনো মসজিদ ভাঙা, পুকুর ভরাট, করোনা মহামারি, বন্যা ও অর্থায়নসংক্রান্ত নানা জটিলতায় নির্ধারিত সময়ে নির্মাণকাজ শুরু করা যায়নি। পরে ২০২০ সালে কাজ শুরু হলেও ছয় বছর পেরিয়ে এখনো প্রকল্পটির নির্মাণ শেষ হয়নি।
সুনামগঞ্জ জেলা গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় সুনামগঞ্জের ১২টি উপজেলায় ১২টি এবং জেলা সদরে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এসব মসজিদ নির্মাণে মোট ব্যয় ধরা হয় প্রায় ১৮৫ কোটি টাকা। এর মধ্যে তাহিরপুরের মসজিদটির নির্মাণকাজই দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে আছে।
প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, মডেল মসজিদগুলোতে ইসলামিক প্রশিক্ষণ ও অটিজম সেন্টার, নারী ও পুরুষের জন্য পৃথক নামাজের স্থান, সম্মেলনকক্ষ, অতিথিকক্ষ এবং ফুলের বাগানসহ বিভিন্ন আধুনিক সুবিধা থাকার কথা।
সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন মসজিদটির কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। নির্মাণসামগ্রী পড়ে থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো লোকজন সেখানে নেই। একজন স্থানীয় বৃদ্ধকে নির্মাণসামগ্রী দেখাশোনা করতে দেখা যায়। অন্যদিকে, গত ছয় বছর ধরে টিনশেডের একটি অস্থায়ী ভবনে নামাজ আদায় করছেন স্থানীয় মুসল্লিরা। কবে নাগাদ আবার নির্মাণকাজ শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি সংশ্লিষ্ট কেউ।
স্থানীয় মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা সদরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগে তাঁরা আশাবাদী হয়েছিলেন। কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় প্রকল্পটির ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন তাঁরা।
স্থানীয় মুসল্লি হারুন রশিদ বলেন, ‘এই মসজিদের কাজে শুরু থেকেই সমস্যা। সময়মতো কাজ শেষ না করার প্রতিবাদে গত বছর আমরা মানববন্ধনও করেছি। এরপর কিছুদিন কাজ চললেও এখন আবার ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। আমরা চাই, দ্রুত জটিলতা নিরসন করে নির্মাণকাজ শেষ করা হোক। আমাদের নামাজের সুন্দর ব্যবস্থা করা হোক।’
আরেক মুসল্লি ইমরান হোসেন বলেন, ‘সরকার এত টাকা বরাদ্দ দিয়েছে, অথচ মসজিদটি এখনো চালু করা যাচ্ছে না। সংশ্লিষ্ট অধিদপ্তর ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এত দিনেও কাজ শেষ হয়নি বলে আমরা মনে করি। আমাদের দাবি, কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে মসজিদটি চালু করুক।’
স্থানীয় যুবক তানিম আহমদ লিংকন বলেন, ‘বিভিন্ন উপজেলায় মডেল মসজিদের নির্মাণকাজ শেষ হয়েছে এবং সেখানে কার্যক্রমও শুরু হয়েছে। অথচ আমাদের উপজেলার মসজিদটির কাজ কবে শেষ হবে, তা কেউ বলতে পারছে না। আমরা চাই, ভালো কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে দ্রুত নির্মাণকাজ শেষ করে মসজিদটি নামাজের জন্য উন্মুক্ত করা হোক।’
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে তাহিরপুর উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ ছয় বছরেও শেষ হয়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন তিনি। দ্রুত নতুন ঠিকাদারের মাধ্যমে আবারও নির্মাণকাজ শুরু হবে বলে জানান তিনি।
সুনামগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, তাহিরপুর উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে মামলা চলছে। মামলায় গণপূর্ত অধিদপ্তর জয়ী হলে পুনরায় দরপত্র আহ্বান করে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে। এরপর নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী বলেন, ‘আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি। আমার বাসভবনের সামনেই মসজিদটির নির্মাণকাজ চলছে। কাজ বন্ধ দেখে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি। তারা দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছে।’
সদ্য সংবাদ/ এআর