রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের ১২টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ কখনো আংশিক মেঘলা, আবার কখনো মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৭ শতাংশ। এর আগে শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আট বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার কথা জানিয়েছে অধিদপ্তর। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
সদ্য সংবাদ/এজে