রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার ও নাশকতা প্রতিরোধে ব্লক রেইড এবং চিরুনি অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের পাশাপাশি নাশকতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদেরও আটক করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত এক দিনে ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির গ্রেপ্তারের বিষয়ে নিয়াজ মেহেদী বলেন, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার নুরুল ইসলাম নাহিদ ও জ্যোতিকা জ্যোতিকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সম্ভাব্য নাশকতা ঠেকাতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সদ্য সংবাদ/এজে