জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক অতীত নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি দাবি করেছেন, দলটির বর্তমান আমির ও সেক্রেটারি জেনারেল প্রকৃতপক্ষে জামায়াতের নেতা নন; তাঁরা জাসদ থেকে এসেছেন। তাঁর ভাষায়, জাসদ থেকে ধার করা নেতৃত্বেই চলছে জামায়াতের কার্যক্রম।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে ভূল্লী কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত ধানের শীষের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি বলেন, “স্বাধীনতার পর জাসদের লোকেরা আওয়ামী লীগের নেতাকর্মীদের গলা কেটে হত্যা করত। বর্তমানে জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারি জেনারেল তাঁরা কেউই জামায়াতের লোক নন, তাঁরা জাসদ থেকে এসেছেন।”
আলাল অভিযোগ করেন, অতীতে সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা এখনো একই ধরনের আচরণ করছেন। মানুষকে ধমক দেওয়া ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
ভোটারদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, “ভয়ের ঊর্ধ্বে উঠে আপনারা ভোটকেন্দ্রে আসবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন।”
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গত সাত মাসে জেলায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে, তা অন্য কোথাও হয়নি। ঠাকুরগাঁওকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষের বিকল্প নেই।
জনসভায় ভূল্লী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও ভোটাররা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপনির্বাচনের প্রচারণার শেষ দিনে সভা-সমাবেশ ও গণসংযোগের মাধ্যমে প্রার্থী এবং তাঁদের সমর্থকেরা ভোটারদের কাছে নিজেদের বক্তব্য ও প্রতিশ্রুতি তুলে ধরেছেন। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সদ্য সংবাদ/ এআর