‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ অক্টোবর, ২০২৬ ২২:৩৩:০২

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’সংক্রান্ত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, সরকারের অনুমতি নিয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানোর বিষয়ে বক্তব্য দেওয়ায় আইজিপিকে অবিলম্বে দায়িত্ব থেকে অপসারণ করতে হবে।

সোমবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি এ দাবি জানায়। বিবৃতিটি পাঠিয়েছেন দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিন।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি আইজিপি মন্তব্য করেছেন, সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ‘ক্রসফায়ার’ করবে। এনসিপির মতে, এ ধরনের বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী। একই সঙ্গে এটি মানবাধিকার লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার বিপজ্জনক প্রচেষ্টা।

দলটি জানায়, সরকারের অনুমোদন থাকলেও কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বৈধ হতে পারে না। বিএনপি তাদের রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার ১৪ নম্বর দফায় গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের অঙ্গীকার করেছিল। কিন্তু বর্তমান সরকারের নিয়োগ দেওয়া আইজিপির বক্তব্য সেই অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। এনসিপির ভাষ্য, এটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ারও নজির।

বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘ ১৫ বছরের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বিচারবহির্ভূত হত্যা, গুম ও নিপীড়নের যে সংস্কৃতি গড়ে উঠেছিল, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল তার অবসান ঘটানো। তৎকালীন বিরোধী দলের শত শত নেতাকর্মীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপব্যবহারের ইতিহাস এখনো দেশবাসীর সামনে স্পষ্ট।

এনসিপি মনে করে, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের উসকানিমূলক ও বেআইনি বক্তব্য দেওয়া চরম ধৃষ্টতা। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতে ‘ক্রসফায়ার’-এর ভয় দেখানো প্রাতিষ্ঠানিক দুর্বলতার বহিঃপ্রকাশ। এ বক্তব্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বেআইনি বলপ্রয়োগে উৎসাহিত করতে পারে এবং মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়াতে পারে।

বিবৃতিতে এনসিপি আরও উল্লেখ করে, সরকারের কোনো বেআইনি নির্দেশ পালন করতে পুলিশ প্রশাসন বাধ্য নয়। বাংলাদেশের পেনাল কোড ও পুলিশ আইনে এ বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে বলে দাবি দলটির।

আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষায় পুলিশ বাহিনীকে সব ধরনের বেআইনি চর্চা থেকে মুক্ত করার আহ্বান জানিয়ে এনসিপি বলেছে, পুলিশকে জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। এ লক্ষ্যে জুলাই সনদে বর্ণিত পথ অনুসরণ করে অবিলম্বে ‘পুলিশ কমিশন’ গঠনেরও দাবি জানিয়েছে দলটি।

সদ্য সংবাদ/ এআর

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি