জরুরি রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের ডালপালা কাটার কাজ করবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এ কারণে সোমবার (৯ নভেম্বর) রংপুর নগরীর নির্দিষ্ট কয়েকটি এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (৮ নভেম্বর) নেসকোর শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা ১১ কেভি টাউন ও জুম্মাপাড়া ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় ১১/০.৪ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা ছাঁটাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানো হবে।
টাউন ফিডারের আওতায় বিদ্যুৎবিহীন থাকবে মাস্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া পূজামণ্ডপ, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, শিয়ালুর মোড় নার্সারি, শালবন হাজির খামার, জুট মিলের পূর্ব পর্যন্ত মুলাটোল থানা, গুপ্তপাড়া, লাইন্স স্কুল ও ফায়ার সার্ভিস মোড়সংলগ্ন এলাকা।
অন্যদিকে জুম্মাপাড়া ফিডারের আওতাধীন জাহাজ কোম্পানি, জি এল রায় রোড, ফায়ার সার্ভিস, ইন্দ্ররা মোড়, পুলিশ ফাঁড়ি, পায়রা চত্বর, আজিজ সুপার মার্কেট, জুম্মাপাড়া, পলিটেকনিক গেট, সদর মসজিদ, পাকার মাথা, কুকরুল ঈদগাহ মাঠ এবং জুম্মাপাড়া আইসক্রিম ফ্যাক্টরিসংলগ্ন এলাকায়ও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করা সম্ভব হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
সদ্য সংবাদ/এজে