ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়া ছয়টি গ্রাম আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার দাবিতে রেল ও সড়কপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। সদর উপজেলাকে ভাগ করে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের বিরোধিতা করেও বিক্ষোভ করেন তাঁরা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেললাইন এবং আখাউড়া স্থলবন্দর সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। আন্দোলনে অংশ নেওয়া অনেকের মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল। অবরোধের কারণে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের চলাচল অনিশ্চিত হয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, চলতি বছরের মে মাসে বাসুদেব ইউনিয়ন থেকে কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—এই ছয়টি গ্রাম পৃথক করে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়। পরে ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার অন্তর্ভুক্ত করা হয়। এ বিষয়ে ৪ জুন গেজেট প্রকাশিত হয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদে শুরু থেকেই আন্দোলন করে আসছেন সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিনেও দাবি পূরণ না হওয়ায় নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে। এর মধ্যে বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়নকে ভেঙে আখাউড়ার সঙ্গে যুক্ত বরিশল ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সামনে আসায় আন্দোলন আরও জোরালো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এ প্রস্তাবের পেছনে জেলা বিএনপি নেতা কবির আহমেদ আহমেদ ভূঁইয়ার ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন। তাঁদের ভাষ্য, তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দাপ্তরিক চিঠি পাঠিয়েছে। বিষয়টি জানার পরই তাঁরা অবরোধ কর্মসূচি পালন করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করছে।
সদ্য সংবাদ/এজে