সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগকে কেন্দ্র করে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠিয়ে সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় নোটিশটি পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য পরীমনিকে আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
এ ছাড়া ভবিষ্যতে অশ্লীল বক্তব্য বা সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয় ও অঙ্গভঙ্গি এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আইনি নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল চিত্র, স্থিরচিত্র কিংবা গ্রাফিকসসহ যেকোনো মাধ্যমে এমন কোনো কর্মকাণ্ড ধারণ বা প্রদর্শন করা যাবে না, যার শৈল্পিক কিংবা শিক্ষাগত মূল্য নেই।
সদ্য সংবাদ/এজে