নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারের ওপর থেকে ঢালাইয়ের একটি ভারী খণ্ড পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। এতে ওই ব্যক্তির ঘাড়ের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার কাশিপুর এলাকায় ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের নিচে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে প্রায় ৭ থেকে ৮ কেজি ওজনের ঢালাইয়ের একটি খণ্ড খুলে যাত্রীর মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী শাহাবুদ্দিন জানান, দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে পঞ্চবটি-মুক্তারপুর সেতু প্রকল্পের পরিচালক ওয়াহিদুজ্জামান বলেন, ফ্লাইওভারের জোড়ার স্থানে থাকা একটি ব্লক সরিয়ে ফেলার কথা ছিল। কিন্তু ঠিকাদারের অবহেলায় সেটি সরানো হয়নি। ওই ব্লকটি পড়ে একজন আহত হয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্লাইওভারের অন্য কোনো অংশে ফাটল রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
সদ্য সংবাদ/এজে