ছোটপর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি এবার জিতে নিয়েছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট। শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাঁকে এবারের বিজয়ী ঘোষণা করা হয়।
বিজয়ীর নাম ঘোষণার পর আবেগে আপ্লুত হয়ে পড়েন মাহি। এ সময় গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন। পরে দুজনের আলিঙ্গন ও মঞ্চে একসঙ্গে পদচারণায় আনন্দে মেতে ওঠেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে মাহির পরনে ছিল শ্যাম্পেন গোল্ড রঙের পাথরখচিত অফ-শোল্ডার মারমেইড গাউন। অন্যদিকে বিদায়ী বিজয়ী মিথিলাকে দেখা যায় হালকা নীল ও সিলভার রঙের গাউনে। বিজয়ীর নাম ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জা।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক। এ ছাড়া চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ বিনোদন অঙ্গনের বিভিন্ন তারকা, মডেল ও কোরিওগ্রাফার অংশ নেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১১ নভেম্বর পুয়ের্তো রিকোতে শুরু হতে যাচ্ছে ৭৫তম মিস ইউনিভার্স আন্তর্জাতিক প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন সামিরা খান মাহি।
বিজয়ী হওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে মাহি বলেন, তাঁর বাবা-মা তাঁকে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের মুখ উজ্জ্বল করতে চান। তাঁর ভাষায়, ‘আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’
ছোটপর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন সামিরা খান মাহি। এবার সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সেরা হয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে ধরার সুযোগ পেলেন তিনি।
এর আগে ২০২৫ সালে বাংলাদেশের হয়ে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন তানজিয়া জামান মিথিলা। ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তিনি সেরা ৩০-এ জায়গা করে নেন। একই আসরে পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেন তিনি। মিস ইউনিভার্সের ইতিহাসে সেটিই ছিল বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট।
মিথিলার পর এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের দায়িত্ব সামিরা খান মাহির কাঁধে। বিশ্ব আসরে তাঁর পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন দেশের দর্শকরা।
সদ্য সংবাদ/এজে