উত্তরায় ফুটপাত দখলের চিত্র একই, সকালে উচ্ছেদ বিকেলেই হকারদের দখলে

এ
এলেন বিশ্বাস (ঢাকা প্রতিনিধি)
৮ নভেম্বর, ২০২৬ ১৩:৩৪:০৫
ছবি: সদ্য সংবাদ

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক ও ফুটপাতের বড় অংশ দখল করে বসেছে ভাসমান দোকান। রাজউক উত্তরা মডেল কলেজের সামনের সড়কজুড়ে পান-সিগারেট, চা, সবজি ও ফলের দোকান গড়ে ওঠায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এর সঙ্গে সড়কের পাশে সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকায় প্রতিদিনই তৈরি হচ্ছে যানজট। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, অভিভাবক ও নিয়মিত পথচারীরা।

আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশ থেকে রাজউক কলেজের সামনের পুরো ফুটপাতেই হকারদের দখলদারত্ব দেখা যায়। শুধু হাঁটার জায়গা নয়, ভাসমান দোকানের বিস্তার ঘটেছে মূল সড়কের একাংশেও। ফলে পথচারীদের বাধ্য হয়ে যানবাহন চলাচলের জায়গা দিয়ে হাঁটতে হচ্ছে। সকাল ও বিকেলে অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

রাজউক কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক নাসরিন আক্তার জানান, সন্তানদের নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করা এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফুটপাত ব্যবহার করা যাচ্ছে না, অন্যদিকে রিকশা ও গাড়ির চাপে সড়কেও স্বাভাবিকভাবে হাঁটার সুযোগ নেই। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান নিয়মিত সমস্যার স্থায়ী সমাধান দিতে পারছে না। অভিযান চালিয়ে সকালে ফুটপাত খালি করা হলেও বিকেলের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে যায়। এ কারণে উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতা ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।

নিয়মিত এই পথ ব্যবহার করেন মো. শফিকুল ইসলাম। তাঁর ভাষ্য, সকালে উচ্ছেদের পর ফুটপাত কিছু সময়ের জন্য চলাচলের উপযোগী থাকলেও বিকেলে হকাররা আবার বসে পড়েন। তাঁর মতে, সাময়িক অভিযান নয়, ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি প্রয়োজন।

এদিকে সড়ক ও ফুটপাতের এই দখলদারত্বের প্রভাব পড়েছে রাজউক কলেজের বিপরীত পাশে অবস্থিত সমবায় বাজারেও। স্থানীয়ভাবে বাজারটি বিডিআর মার্কেট নামে পরিচিত। এখানে মাছ, মাংস, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হলেও বাজারের সামনের সড়ক ও ফুটপাত ঘিরে বসেছে ভাসমান দোকান। এতে বাজারের ভেতরের স্থায়ী ব্যবসায়ীরা ক্রেতা হারাচ্ছেন বলে অভিযোগ করেছেন।

বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল জলিল বলেন, দোকানভাড়া, বিদ্যুৎ বিল ও বিভিন্ন কর পরিশোধ করে ব্যবসা পরিচালনা করতে হয় তাঁদের। অথচ রাস্তার ওপর বসা ভাসমান দোকানগুলোতে ক্রেতারা সহজেই পণ্য কিনতে পারায় বাজারের ভেতরে ক্রেতা কমে যাচ্ছে। এতে নিয়ম মেনে ব্যবসা করা দোকানিরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

সমবায় কাঁচাবাজারের সভাপতি মো. মিরাজুল ইসলামও এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, নির্দিষ্ট বাজার থাকা সত্ত্বেও ফুটপাত ও সড়ক দখল করে কেন ব্যবসা পরিচালনা করা হবে, তা বোধগম্য নয়। এতে বাজারের ব্যবসায়ীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত হকারদের উচ্ছেদ করে সমস্যার স্থায়ী সমাধানে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ভুক্তভোগীদের দাবি, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই আজমপুরের পরিস্থিতি স্বাভাবিক হবে না। উচ্ছেদের পর আবার যেন ফুটপাত দখল না হয়, সে জন্য নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সড়কে অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরানো জরুরি।

পথচারীদের নিরাপদ চলাচল, শিক্ষার্থীদের ঝুঁকিমুক্ত যাতায়াত এবং বৈধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বিত পদক্ষেপ চান স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাঁদের প্রত্যাশা, সাময়িক অভিযান নয়, কার্যকর নজরদারির মাধ্যমে আজমপুরের ফুটপাত ও সড়ক স্থায়ীভাবে দখলমুক্ত করা হবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ