মহান বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে দিনাজপুরের হিলি সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে সম্ভাব্য অস্থিতিশীলতা, গুজব, নাশকতা এবং অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে আধুনিক প্রযুক্তির সহায়তায় দিন-রাত পর্যবেক্ষণ চালানো হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে হিলি সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে চেকপোস্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।
তিনি জানান, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে একটি মহল বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত এসব গুজবের বাস্তব কোনো প্রতিফলন বা সংশ্লিষ্ট কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে থার্মাল ডিভাইস, নাইট ভিশন, সার্চলাইট, ফ্ল্যাগ লাইট, ডগ স্কোয়াড ও ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে রাতের বেলায় নজরদারি বাড়াতে প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় আধুনিক সরঞ্জামে সজ্জিত বিশেষ রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা, সীমান্ত টহল ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ কার্যক্রমও জোরদার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাহিনীর সদস্যরা প্রস্তুত আছেন।
এদিকে সীমান্ত এলাকায় ডিসেম্বর ঘিরে ছড়িয়ে পড়া গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি। একই সঙ্গে সন্দেহজনক কোনো কর্মকাণ্ড বা অস্বাভাবিক পরিস্থিতি চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর অনুরোধ করা হয়েছে।
সদ্য সংবাদ/এজে