চাঁদা আদায়ের পরিমাণ নিয়ে বাস মালিক ও সড়ক পরিবহন মালিক সমিতির মধ্যে বিরোধ দেখা দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে কোনো বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বাস চলাচল বন্ধ থাকায় টার্মিনালে এসে ফিরে যেতে হচ্ছে অনেককে। আবার কেউ কেউ গন্তব্যে যাওয়ার অপেক্ষায় দীর্ঘ সময় ধরে কাউন্টারে অবস্থান করছেন।
বাস মালিকদের অভিযোগ, আগে প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা নেওয়া হতো। সম্প্রতি সেই পরিমাণ বাড়িয়ে ১৫০ টাকা দাবি করছে মালিক সমিতি। তবে বাড়তি টাকা দিতে রাজি না হওয়ায় বাস চলাচল বন্ধ রেখেছেন তারা।
শ্যামলী বাস কাউন্টারের ব্যবস্থাপক রোমিজ উদ্দিন বলেন, আগে ৩০ টাকা চাঁদা নেওয়ার বিপরীতে ৩০ টাকার স্লিপ দেওয়া হতো। এখন ১৫০ টাকা দাবি করা হলেও স্লিপ দেওয়া হবে ৩০ টাকার। এ নিয়ে বিরোধের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে পরিবহনসংশ্লিষ্ট শ্রমজীবী মানুষও বিপাকে পড়েছেন।
তবে চাঁদা আদায়ের বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মিয়া। তিনি বলেন, নাটোর ও রাজশাহীতে যেভাবে চাঁদা আদায় করা হচ্ছে, তারাও একই পদ্ধতিতে টাকা তুলছেন। স্লিপের বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি তিনি।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় জরুরি কাজে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় যেতে চাওয়া যাত্রীরা পড়েছেন বিপাকে। বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।