পটুয়াখালীর কলাপাড়ায় মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছেন খাইরুল ইসলাম (২৬) নামে এক যুবক। রোববার (৮ নভেম্বর) শেষ বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম ওই গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে। তিনি এক কন্যাসন্তানের জনক। তাঁর মেয়ের বয়স দেড় বছর।
নিহতের বাবা আলমগীর হাওলাদার জানান, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের কারণে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন এবং তাঁদের মারধর করতেন। পারিবারিক কলহের জেরে তাঁর স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন।
তিনি আরও জানান, স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য খাইরুল প্রায়ই পরিবারের সদস্যদের চাপ দিতেন। এ নিয়ে বিভিন্ন সময় তাঁদের গালিগালাজও করতেন। গত শনিবার সন্ধ্যায় মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চান খাইরুল। তবে বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষুব্ধ হন। ওই রাতে খাবার না খেয়েই ঘুমাতে যান। একপর্যায়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন।
পরে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে বাইরে গেলে খাইরুল ঘরের দরজা বন্ধ করে দেন। বাড়িতে ফিরে দরজা বন্ধ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। তবে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গোয়ালঘর থেকে দড়ি এনে আত্মহত্যা করেন খাইরুল।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) দায়িত্বে থাকা মো. ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/ এআর