লালমনিরহাটের আদিতমারীতে সরকারি কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথ বন্ধ করে দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার রাতে উপজেলা সদরের তিনটি প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা লাগিয়ে ‘সর্বাত্মক ধর্মঘট, সার্থক হোক’ লেখা কাগজ সাঁটিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তালা লাগানো প্রতিষ্ঠানগুলো হলো আদিতমারী সরকারি কলেজ, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এবং কান্তেশ্বর বর্মণ (কেবি) বালিকা বিদ্যালয় ও কলেজ।
ছড়িয়ে পড়া ভিডিওগুলো নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাঈমের পেজেও ভিডিও দেখা গেছে। একটি ভিডিওতে এক ব্যক্তিকে প্রতিষ্ঠানের ফটকে তালা লাগাতে দেখা গেলেও তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার সকালে কার্যালয়ে এসে প্রধান ফটকে তালা দেখতে পান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মৌসুমী আক্তার। পরে তিনি বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে দেয়। তবে ঘটনার পরও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন ওই কর্মকর্তা।
অন্যদিকে, আদিতমারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান জানান, ফটকে তালা থাকায় শিক্ষার্থীদের প্রবেশে অসুবিধা হচ্ছিল। পরে তালা ভেঙে কলেজের কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে পাঠদানসহ অন্যান্য কার্যক্রম চলছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল সাকিব সজীব জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে তালা দেওয়ার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস বলেন, প্রাণিসম্পদ কর্মকর্তার কাছ থেকে বিষয়টি জানার পর তাঁকে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
কারা এবং কী উদ্দেশ্যে এসব প্রতিষ্ঠানে তালা লাগিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
সদ্য সংবাদ/এসএস