নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে এ ঘটনায় বগিটির চারটি আসনের রেক্সিনের আবরণ পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। এরপর যাত্রীরা নেমে গেলে ট্রেনটি ফাঁকা অবস্থায় স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে ছিল। ভোর ৬টার দিকে ট্রেনের একটি বগি থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখেন কর্মীরা।
তাৎক্ষণিকভাবে ট্রেনের গার্ড ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ট্রেনের ‘ড’ বগির ৫-৬ এবং ১১-১২ নম্বর আসনের রেক্সিনের কভার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলটি স্টেশনের সিসিটিভি ক্যামেরার আওতায় না থাকায় আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে যায় হাওর এক্সপ্রেস।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, ফাঁকা ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/এসএস