ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। অন্যদিকে, বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে কয়েকটি প্রতিষ্ঠানে অসন্তোষ দেখা দেয়। শারমিন গ্রুপের একটি ফ্লোর, এনভয় ও স্টারলিংসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
ছুটি পেয়ে সকাল ১০টার দিকে শ্রমিকদের একটি অংশ অন্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভের চেষ্টা করেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন স্থানে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি আরও জটিল হয় তিনটি কারখানার শ্রমিকরা বেরিয়ে এসে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করলে। এ সময় পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে অর্ধশতাধিক শ্রমিক আহত হন।
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন।
শ্রমিক অসন্তোষের মধ্যে নিউএইজ গ্রুপের আশুলিয়ায় অবস্থিত সব কারখানা ১০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষের কারণে ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভকারীদের ইটপাটকেলের আঘাতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের একজনের চোখের ওপরে আঘাত লেগেছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি পোশাক কারখানার কর্মকর্তা জানান, কয়েকটি কারখানায় শ্রমিক বিক্ষোভ শুরু হলে অন্য প্রতিষ্ঠানের শ্রমিকদেরও কাজে যোগ না দিতে বলা হয়। কোথাও শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে আসেন, আবার কোথাও কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে আশপাশের কয়েকটি কারখানা কর্তৃপক্ষও ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।
দুপুর দেড়টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলেও শিল্পাঞ্চলের সড়কগুলোতে যানবাহনের চলাচল কমে যায়।
সদ্য সংবাদ/এজে