সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিমপাড়ে রেললাইনে টায়ার পুড়িয়ে নাশকতার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (২২), সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আশিক হোসেন (৩৯) এবং একই ইউনিয়নের সদস্য ইমরুল কায়েস (১৯)।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার তিনজনের মধ্যে সয়দাবাদ এলাকার দুই নেতার বিরুদ্ধে রেললাইনে আগুন দেওয়ার ঘটনায় সম্পৃক্ততার সন্দেহ রয়েছে। এ ছাড়া ওই এলাকায় ছাত্রলীগের মিছিলেও তাদের অংশগ্রহণের তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানায়, সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় যমুনা সেতুর পশ্চিমপাড়ে রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই তারা সেখান থেকে সরে পড়ে।
খবর পেয়ে পাশের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে এ ঘটনায় রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়নি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি জহুরুল ইসলাম তালুকদার জানিয়েছিলেন, আগুন দেওয়ার পরপরই জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
সদ্য সংবাদ/এসএস