ঢাকার সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। এ সময় তাঁদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৫১ হাজার টাকা।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানার বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এসআই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে শরিফা খাতুন (৩২) ও পলাশ মোল্লা (৩৫) নামের দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
একই দিন রাত সাড়ে ১১টার দিকে পদ্মার মোড় এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে ডিবির আরেকটি দল। এসআই আরিফুল ইসলামের নেতৃত্বাধীন ওই অভিযানে শিপন (২৫) ও আব্দুল বারেক (৩৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি জানায়, গ্রেপ্তার পলাশ মোল্লার বিরুদ্ধে চুরির তিনটি এবং সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি উত্তর শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এজে