গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের একটি টহল গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সংঘাতের কারণে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, সকালে লাঠিসোঁটা হাতে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই এলাকায় জড়ো হন। পরে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিল নিয়ে সেখানে যোগ দেন।
বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা পুলিশের একটি টহল গাড়িতে আগুন ধরিয়ে দেন। আগুনে গাড়িটি পুড়ে যায়।
এরপর বিক্ষোভকারীরা লাঠিসোঁটা নিয়ে টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের সড়কে অবস্থান নেন। বিভিন্ন স্লোগানে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে দূরপাল্লার ও স্থানীয় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জ জেলা সদর থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো হয়। পরে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টুঙ্গিপাড়ার গুরুত্বপূর্ণ মোড় ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস