দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা ১২টি উড়োজাহাজ সরিয়ে নিতে নতুন উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ও অপারেশনাল অ্যাপ্রোন এলাকায় পড়ে থাকা এসব উড়োজাহাজ এবার ভাঙারি হিসেবে বিক্রির পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে দরপত্র আহ্বানের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের গত রোববারের নির্দেশনায় দরপত্র প্রক্রিয়া শুরু করে উড়োজাহাজগুলো বিক্রির ব্যবস্থা নিতে বলা হয়েছে। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে এ সিদ্ধান্ত আসায় বিমানবন্দরের গুরুত্বপূর্ণ জায়গা খালি করার পথ তৈরি হয়েছে।
বেবিচক সূত্রে জানা গেছে, উড়োজাহাজগুলো পড়ে থাকায় কার্গো ভিলেজসংলগ্ন প্রায় ১ লাখ ৯২ হাজার ১০০ বর্গফুট জায়গা ব্যবহার করা যাচ্ছে না। এতে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ও কার্গো ভিলেজ সম্প্রসারণের পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের বাইরে থাকায় উড়োজাহাজগুলোর আর উড্ডয়নের উপযোগিতা নেই।
এর আগে ২০২১ ও ২০২২ সালে উড়োজাহাজ হিসেবেই এসব আকাশযান বিক্রির উদ্যোগ নিয়েছিল বেবিচক। দেশি-বিদেশি ক্রেতাদের অংশগ্রহণের সুযোগ রেখে দরপত্র আহ্বান করা হলেও কোনো প্রতিষ্ঠান আগ্রহ দেখায়নি। উড়োজাহাজগুলোর অধিকাংশই ড্যাশ-৮, এমডি-৮৩ ও বোয়িং ৭৩৭-৩০০ মডেলের। পুরোনো মডেল হওয়ায় এসব উড়োজাহাজের বাজার চাহিদা কমে গেছে। এমনকি যন্ত্রাংশ খুলে অন্য উড়োজাহাজে ব্যবহারের সুযোগও সীমিত।
এদিকে উড়োজাহাজগুলোর মালিক চার প্রতিষ্ঠানের কাছে পার্কিং ফি ও সারচার্জ বাবদ বেবিচকের পাওনা প্রায় ৪ হাজার কোটি টাকা। এর মধ্যে একটি কোম্পানির কাছে বকেয়া ৩ হাজার কোটি টাকার বেশি। প্রতিষ্ঠানটি ২০১২ সালে কার্যক্রম বন্ধ করে। ইউনাইটেড এয়ারওয়েজের আটটি উড়োজাহাজের বিপরীতে বকেয়া প্রায় ৪০০ কোটি টাকা; প্রতিষ্ঠানটি ২০১৬ সালে বন্ধ হয়ে যায়। রিজেন্ট এয়ারওয়েজের দুটি উড়োজাহাজ রয়েছে, যাদের কার্যক্রম বন্ধ হয় ২০২০ সালে। অ্যাভিয়েন চার্টারের একটি উড়োজাহাজও সেখানে পড়ে আছে।
বেবিচকের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও সংশ্লিষ্ট কোম্পানিগুলো বকেয়া পরিশোধ কিংবা উড়োজাহাজ সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেনি। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যাংকঋণসহ বিভিন্ন আইনি মামলা থাকায় সম্ভাব্য ক্রেতারাও ঝুঁকি নিতে চাননি।
পরবর্তী সময়ে উড্ডয়নযোগ্যতা না থাকায় উড়োজাহাজগুলোর নিবন্ধন বাতিল করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ২৬ মে এগুলো আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করে বেবিচক।
এবার আন্তর্জাতিক বাজারে বিক্রির জন্য আলাদা ভিত্তিমূল্য নির্ধারণ না করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে স্ক্র্যাপ হিসেবে বিক্রির প্রস্তাব করেছে কর্তৃপক্ষ। কারণ, আন্তর্জাতিক মান অনুযায়ী ভিত্তিমূল্য নির্ধারণে যে ব্যয় হবে, বিক্রির অর্থ থেকে তা আদায় করাও অনিশ্চিত।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, শিগগিরই আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে পাওয়া অর্থ থেকে সরকারি পাওনার কিছু অংশ আদায়ের পাশাপাশি বিমানবন্দরের জায়গা দখলমুক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সদ্য সংবাদ/এজে